সেই দিনগুলোতে ﷺ · ১০
শামের পথে মুহাম্মাদ ﷺ ও বুহাইরা—প্রচলিত গল্পের কতটুকু নির্ভরযোগ্য?
তিরমিযির একটি বর্ণনা এবং প্রাচীন সীরাতের সূত্রে আসে, আবু তালিব ব্যবসায়িক সফরে শামের দিকে বের হলে মুহাম্মাদ ﷺ তাঁর সঙ্গে ছিলেন। এই সফরের সঙ্গে জড়িয়ে আছে সীরাতের খুব পরিচিত একটি নাম—বুহাইরা সন্ন্যাসী।
আমরা ছোটবেলা থেকে গল্পটা অনেকবার শুনেছি। একটি কাফেলা যাচ্ছে, একজন সন্ন্যাসী মুহাম্মাদ ﷺ কে দেখে চিনে ফেললেন, মেঘ তাঁকে ছায়া দিচ্ছে, গাছের ছায়া তাঁর দিকে ঝুঁকে আসছে, তারপর সন্ন্যাসী জানিয়ে দিলেন—এই শিশুর সামনে অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।
কিন্তু এখানে প্রথমেই একটি কথা পরিষ্কার রাখা জরুরি: পুরো ঘটনাটির সব অংশ একই মাত্রায় নির্ভরযোগ্য নয়।
জামি আত তিরমিযি ৩৬২০ নম্বর বর্ণনায় আবু মুসা আল আশ‘আরী রা. থেকে ঘটনাটির একটি দীর্ঘ বিবরণ এসেছে। সেখানে আবু তালিবের শামের সফর, এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ, মুহাম্মাদ ﷺ এর প্রতি তাঁর বিশেষ মনোযোগ এবং নবুয়তের কিছু নিদর্শন চিনতে পারার কথা উল্লেখ আছে। তবে তিরমিযির মূল বর্ণনায় সেই সন্ন্যাসীর নাম “বুহাইরা” বলা হয়নি, শুধু একজন রাহিব বা সন্ন্যাসী বলা হয়েছে। “বুহাইরা” নামটি প্রাচীন সীরাতের বর্ণনায় প্রসিদ্ধ।
আরেকটি বিষয়ও খেয়াল করার মতো। আমরা প্রায়ই শুনি, তখন রাসূলুল্লাহ ﷺ এর বয়স ঠিক বারো বছর ছিল। কিন্তু তিরমিযির এই বর্ণনায় তাঁর নির্দিষ্ট বয়স উল্লেখ করা হয়নি। তাই “বারো বছর”কে সহিহ হাদিসে নিশ্চিতভাবে প্রমাণিত বয়স হিসেবে বলা ঠিক হবে না।
তিরমিযির বর্ণনায় আসে, সন্ন্যাসী মুহাম্মাদ ﷺ এর প্রতি বিশেষভাবে এগিয়ে আসেন এবং তাঁর ভবিষ্যৎ নবুয়ত সম্পর্কে কথা বলেন। তিনি তাঁর কাঁধের কাছে থাকা নবুয়তের মোহর দেখার কথাও বলেন। বর্ণনায় আরও এসেছে, পথের গাছপাথর তাঁর সামনে নত হয়েছিল এবং একটি মেঘ তাঁকে ছায়া দিচ্ছিল। পরে সন্ন্যাসী আবু তালিবকে তাঁকে সামনে না নিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। রাসূলুল্লাহ ﷺ এর শরীরে নবুয়তের মোহর থাকার বিষয়টি শুধু এই বর্ণনার ওপর নির্ভরশীল নয়। সহিহ মুসলিমে জাবির ইবন সামুরা রা. রাসূলুল্লাহ ﷺ এর কাঁধের কাছে নবুয়তের মোহর দেখার কথা বলেছেন এবং সেটিকে কবুতরের ডিমের মতো আকারের বলে বর্ণনা করেছেন। অর্থাৎ নবুয়তের মোহরের অস্তিত্ব স্বাধীন সহিহ বর্ণনায় প্রতিষ্ঠিত। —সহিহ মুসলিম, ২৩৪৪।
কিন্তু বুহাইরার পুরো ঘটনার গ্রহণযোগ্যতা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলোচনা রয়েছে। ইমাম তিরমিযি বর্ণনাটিকে হাসান গরিব বলেছেন। পরবর্তী আলেমদের কেউ বর্ণনাটি গ্রহণ করেছেন, আবার কেউ এর সনদ বা কিছু অংশ নিয়ে আপত্তি করেছেন। বিশেষ করে শেষের দিকে আবু বকর রা. ও বিলাল রা. কে নিয়ে যে অংশটি এসেছে, সেটিকে বহু মুহাদ্দিস ঐতিহাসিকভাবে সমস্যাযুক্ত বলেছেন।
তাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ অবস্থান হলো খুব সহজ: ঘটনাটাকে সম্পূর্ণ মিথ্যা বলে ফেলে দেব না, আবার জনপ্রিয় গল্পের প্রতিটি নাটকীয় detail কে নিশ্চিত সত্যও বলব না।
যে বর্ণনার শক্তি যতটুকু, আমরা সেটুকুই গ্রহণ করব।
রাসূলুল্লাহ ﷺ কে ভালোবাসতে তাঁর জীবনের প্রতিটি ঘটনা আরও নাটকীয় করে তোলার প্রয়োজন নেই। বরং তাঁকে ভালোবাসার একটি অংশ হলো—তাঁর নামে এমন কিছু নিশ্চিত করে না বলা, যা আমরা নিশ্চিতভাবে জানি না। কারণ তাঁর ﷺ সম্পর্কে সত্য বলাও আমানত।
শামের এই বহুল আলোচিত সফরের পর মুহাম্মাদ ﷺ ধীরে ধীরে কৈশোর পেরিয়ে তরুণ বয়সের দিকে এগিয়ে যাচ্ছেন। আর সামনে মক্কার ইতিহাসে ঘটবে এমন এক সংঘর্ষ, যার নামের মধ্যেই আছে সীমালঙ্ঘনের ইঙ্গিত—হারবুল ফিজার।
পবিত্র মাসের মর্যাদা যেখানে আরবদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল, সেখানে এমন একটি যুদ্ধ কেন হলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—রাসূলুল্লাহ ﷺ কি সত্যিই সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন?
এখানেও প্রচলিত বর্ণনা আর নির্ভরযোগ্য তথ্যকে আলাদা করে দেখতে হবে।
পরের পর্ব: হারবুল ফিজার—রাসূলুল্লাহ ﷺ কি সত্যিই এই যুদ্ধে অংশ নিয়েছিলেন?
আগের পর্বগুলো পড়তে: #সেই_দিনগুলোতে_রাসূলুল্লাহ_ﷺ
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন