মূল লেখায় যান

Study Room লেখা

সেই দিনগুলোতে ﷺ | পর্ব ১২ — হিলফুল ফুদুল—মক্কায় এক অপরিচিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে যে অঙ্গীকারে ছিলেন মুহাম্মাদ ﷺ

বিষয়: · ·

সেই দিনগুলোতে ﷺ · ১২

হিলফুল ফুদুল—মক্কায় এক অপরিচিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে যে অঙ্গীকারে ছিলেন মুহাম্মাদ ﷺ

হারবুল ফিজারের রক্তক্ষয়ী সময়ের পরের মক্কা। গোত্রের পরিচয় তখন মানুষের নিরাপত্তার বড় অবলম্বন। নিজের গোত্র শক্তিশালী হলে পাশে দাঁড়ানোর মানুষ আছে। কিন্তু আপনি যদি বাইরের মানুষ হন? মক্কায় আপনার কোনো শক্তিশালী আত্মীয় বা মিত্র না থাকে? তখন আপনার ওপর অন্যায় হলে কে কথা বলবে?

প্রাচীন সীরাতের বর্ণনায় আসে, ইয়েমেনের যুবাইদ গোত্রের এক ব্যবসায়ী পণ্য নিয়ে মক্কায় এসেছিলেন। কুরাইশের প্রভাবশালী ব্যক্তি আস ইবন ওয়াইল তাঁর কাছ থেকে পণ্য নিলেও প্রাপ্য মূল্য দেননি। ব্যবসায়ী বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইলেন, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সহজে কেউ তাঁর পাশে দাঁড়াল না।

সমস্যাটা শুধু টাকা বা পণ্যের ছিল না। লোকটি মক্কার মানুষ নন। তাঁর পেছনে এমন কোনো শক্তিশালী গোত্রও নেই, যারা এসে বলবে, “এ আমাদের লোক।”

সীরাতের বর্ণনায় আসে, শেষ পর্যন্ত তিনি আবু কুবাইস পাহাড়ে উঠে প্রকাশ্যে নিজের ওপর হওয়া অন্যায়ের বিচার চান। তাঁর আহ্বান মক্কার কয়েকজন মানুষের বিবেক নাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ ﷺ এর চাচা যুবাইর ইবন আবদুল মুত্তালিব উদ্যোগী হন বলে প্রাচীন সূত্রে উল্লেখ আছে। এরপর কুরাইশের কয়েকটি গোত্রের মানুষ আবদুল্লাহ ইবন জুদ‘আনের ঘরে একত্রিত হন।

ইবন ইসহাকের বর্ণনায় বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ ইবন আবদুল উজ্জা, বনু যুহরা এবং বনু তাইমের অংশগ্রহণের কথা এসেছে। তারা অঙ্গীকার করল, মক্কায় যে ব্যক্তিই অন্যায়ের শিকার হোক, সে স্থানীয় হোক বা বাইরের মানুষ, তার অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা মজলুমের পাশে থাকবে।

এই অঙ্গীকার ইতিহাসে পরিচিত হলো হিলফুল ফুদুল নামে।

আর সেই অঙ্গীকারে উপস্থিত ছিলেন তরুণ মুহাম্মাদ ﷺ।

কিন্তু গল্পটা শুধু অঙ্গীকার করেই শেষ হয়নি। প্রাচীন সীরাতের বর্ণনায় আসে, তারা এরপর আস ইবন ওয়াইলের কাছে যায় এবং যুবাইদি ব্যবসায়ীর অধিকার আদায় করে তাকে ফিরিয়ে দেয়।

অর্থাৎ একজন অপরিচিত মানুষের জন্য কয়েকজন মানুষ শুধু কথা বলেনি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বাস্তবে তার অধিকার ফিরিয়েও দিয়েছিল।

বহু বছর পরে নবুয়ত লাভের পরও রাসূলুল্লাহ ﷺ এই অঙ্গীকারকে সম্মানের সঙ্গে স্মরণ করেছিলেন। তাঁর বক্তব্যের অর্থ ছিল, আবদুল্লাহ ইবন জুদ‘আনের ঘরে তিনি এমন একটি চুক্তিতে উপস্থিত ছিলেন, যেটির বদলে অত্যন্ত মূল্যবান সম্পদ পেলেও সেটি ত্যাগ করতে চাইতেন না; আর ইসলামের যুগেও এমন ন্যায়ভিত্তিক অঙ্গীকারে তাঁকে আহ্বান করা হলে তিনি সাড়া দিতেন। এ বক্তব্য একাধিক হাদিস ও সীরাত সূত্রে বর্ণিত হয়েছে।

একটু ভাবুন। এটি ছিল জাহিলি মক্কার সমাজে, নবুয়তের আগের একটি ন্যায়ভিত্তিক অঙ্গীকার। তবু ইসলাম আসার পর রাসূলুল্লাহ ﷺ সেটিকে অস্বীকার করেননি। কারণ ভালো কাজের মূল্য শুধু কে করেছে বা কোন যুগে হয়েছে, তা দিয়ে নির্ধারিত হয় না। ন্যায় ন্যায়ই।

আর এখানেই হারবুল ফিজার ও হিলফুল ফুদুলের মধ্যে এক তীব্র contrast দেখা যায়। একদিকে গোত্রের সম্মান আর প্রতিশোধের নামে রক্ত ঝরছে। অন্যদিকে কয়েকজন মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, মজলুমের পরিচয় নয়, তার ওপর অন্যায় হয়েছে কি না সেটাই আসল।

যুবাইদি ব্যবসায়ী তাদের আত্মীয় ছিলেন না। তাদের গোত্রের মানুষও ছিলেন না। তাঁর কাছ থেকে কোনো লাভ পাওয়ার কথাও ছিল না। তবু তাঁর অধিকারকে তারা নিজেদের বিবেকের বিষয় বানিয়েছিল।

এই জায়গাটা আমাদের নিজেদের জন্যও অস্বস্তিকর একটি প্রশ্ন রেখে যায়। অন্যায় যখন আমাদের পছন্দের মানুষের বিরুদ্ধে যায়, তখন কি আমরা একইভাবে ন্যায়ের কথা বলতে পারি? যার সঙ্গে আমাদের সম্পর্ক নেই, যার কাছ থেকে কোনো লাভ নেই, তার অধিকার নষ্ট হলেও কি আমাদের বিবেক নড়ে?

ন্যায় যদি শুধু নিজের মানুষের জন্য হয়, তাহলে সেটা পূর্ণ ন্যায় নয়।

হিলফুল ফুদুলের ঘটনাটি তাই শুধু নবুয়তের আগের একটি ঐতিহাসিক চুক্তি নয়। এটি তরুণ মুহাম্মাদ ﷺ এর জীবনের এমন একটি মুহূর্ত, যেখানে আমরা তাঁকে মজলুমের অধিকার রক্ষার একটি অঙ্গীকারের অংশ হিসেবে দেখি। আর বহু বছর পরও তিনি ﷺ সেই অঙ্গীকারকে মূল্যবান মনে করেছেন।

এ সময়ের মধ্যেই তাঁর জীবনের আরেকটি দিক মক্কার মানুষের কাছে ক্রমশ পরিচিত হয়ে উঠছিল, সততা ও বিশ্বস্ততা।

আর সেই বিশ্বস্ততার খবর একসময় পৌঁছাবে মক্কার একজন সম্মানিত ও সফল ব্যবসায়ী নারীর কাছে।

তাঁর নাম খাদিজা বিনতে খুওয়াইলিদ রা.

সেখান থেকেই শুরু হবে এমন একটি অধ্যায়, যা পরে শুধু তাঁর ব্যবসায়িক জীবন নয়, তাঁর ব্যক্তিগত জীবনকেও বদলে দেবে।

পরের পর্ব: খাদিজা রা. এর ব্যবসায় মুহাম্মাদ ﷺ—তাঁর সততা ও বিশ্বস্ততার খবর কীভাবে পৌঁছেছিল মক্কার সম্মানিত এক নারীর কাছে?

আগের পর্বগুলো পড়তে: #সেই_দিনগুলোতে_রাসূলুল্লাহ_ﷺ

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।