মূল লেখায় যান

Study Room লেখা

সন্তান ও সালাত | পর্ব ২ — শিশুর মনে নামাজের প্রতি আগ্রহ তৈরি করবেন কীভাবে?

বিষয়: · · · ·

সন্তান ও সালাত · পর্ব ০২
শিশুর মনে নামাজের প্রতি আগ্রহ তৈরি করবেন কীভাবে?

একদিন দেখলেন, আপনার বাচ্চা নিজে থেকেই বলছে, “আমিও নামাজ পড়ব।” ছোট্ট জায়নামাজটা এনে আপনার পাশে দাঁড়াল। দুই মিনিট পর হয়তো ভুলে গেল, আবার খেলতে চলে গেল। আপনি খুব খুশি হলেন। মনে হলো, “আলহামদুলিল্লাহ, ওর তো নামাজের প্রতি আগ্রহ আছে।”

কিন্তু কয়েক মাস পরে একই বাচ্চাকে বলছেন, “চলো নামাজ পড়ি”, আর সে বলছে, “এখন না।” তখনই মনে হয়, আগে তো নিজে থেকেই আসত, এখন কেন আর আগ্রহ নেই?

এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ছোট শিশুর আগ্রহ সবসময় স্থায়ী conviction নয়। কখনো সে আপনাকে imitate করছে, কখনো নতুন জায়নামাজ ভালো লাগছে, কখনো শুধু আপনার পাশে দাঁড়াতে ভালো লাগছে। তাই প্রথম দিকে আমাদের কাজ শুধু “ও নামাজ পড়ছে” দেখে খুশি হওয়া নয়, বরং সেই ছোট্ট আগ্রহটাকে এমনভাবে লালন করা, যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে অভ্যাস, বোঝাপড়া এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের দিকে যায়।

শিশুর মনে সালাতের প্রতি আগ্রহ জাগাতে প্রথমেই নামাজকে তার কাছে এমন কিছু বানাবেন না, যেটা এলেই খেলা বন্ধ, হাসি বন্ধ, প্রশ্ন বন্ধ, আর শুরু শুধু নির্দেশ। আগ্রহ তৈরি হয় যখন কোনো বিষয় শিশুর কাছে পরিচিত, অর্থপূর্ণ এবং আপন হয়ে ওঠে।

ধরুন, আযান হলো। আপনি শুধু দূর থেকে বললেন, “যাও, নামাজ পড়ো”, আর নিজে কাজেই ব্যস্ত রইলেন। এতে সে একটা instruction পেল। কিন্তু আপনি যদি বলেন, “চলো, এখন আমাদের সালাতের সময়”, কাজটা গুছিয়ে নিজেও উঠে যান, তাহলে সে অন্য কিছু দেখল। সে বুঝল, নামাজ শুধু তার জন্য দেওয়া একটা কাজ নয়, এটা আমাদের পরিবারের জীবনযাপনের অংশ।

এই “আমাদের” অনুভূতিটা ছোটদের জন্য অনেক বড় ব্যাপার। কখনো তাকে জায়নামাজ বিছাতে দিন। কখনো সালাতের সময় হয়েছে সেটা আপনাকে মনে করিয়ে দিতে দিন। ওযুর সময় পাশে দাঁড়াতে দিন। সে যদি জানতে চায়, “আমরা এটা কেন করি?”, বিরক্ত না হয়ে খুব ছোট করে উত্তর দিন। প্রতিদিন lecture লাগবে না। কিন্তু ছোট ছোট involvement তাকে নামাজের বাইরের একজন দর্শক না রেখে ধীরে ধীরে ইবাদতের পরিবেশের অংশ বানায়।

তবে এখানে একটা ভারসাম্য আছে। নামাজকে আকর্ষণীয় করা মানে নামাজকে খেলায় পরিণত করা নয়। আমরা চাই শিশুর মনে সালাতের প্রতি উষ্ণতা তৈরি হোক, আবার একই সঙ্গে সে ধীরে ধীরে বুঝুক, এটা আল্লাহর ইবাদত, এর সম্মান আছে, এর আদব আছে।

লুকমান عليه السلام তাঁর সন্তানকে নসীহাহ করতে গিয়ে বলেছিলেন,

“হে আমার প্রিয় পুত্র, সালাত কায়েম কর…”
সূরা লুকমান, ৩১:১৭

আয়াতটির পুরো বিষয় শুধু parenting tone নিয়ে নয়। কিন্তু “হে আমার প্রিয় পুত্র” সম্বোধনের ভেতরে যে স্নেহ আছে, সেটা আমাদের ভাবায়। নির্দেশ আছে, কিন্তু সম্পর্কও আছে। সালাতের গুরুত্ব শেখাতে গিয়ে শিশুর সঙ্গে সম্পর্কটাই যদি প্রতিদিন ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে শেখানোর পদ্ধতিটা আবার দেখার প্রয়োজন হতে পারে।

কখনো আমরা আগ্রহ তৈরি করতে গিয়ে আরেকটা ভুল করি। বাচ্চা এক ওয়াক্ত পড়ল, আমরা বললাম, “ওয়াও! তুমি সবচেয়ে ভালো ছেলে।” পরদিন পড়ল না, বললাম, “তুমি একদম কথা শোনো না।” ধীরে ধীরে তার কাছে নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক না হয়ে মা বাবার approval পাওয়ার পরীক্ষা হয়ে যেতে পারে।

তার চেষ্টা appreciate করুন, কিন্তু প্রশংসাটাকে নামাজের মূল্যবোধের সঙ্গে জুড়ে দিন। বলতে পারেন, “মাশাআল্লাহ, তুমি আজ নিজে থেকেই সালাতের জন্য প্রস্তুত হয়েছ, এটা খুব সুন্দর।” অথবা, “আল্লাহর কথা মনে করে তুমি উঠে এসেছ, আমি খুব খুশি হয়েছি।” এতে focus শুধু “তুমি ভালো বাচ্চা”তে থাকে না, বরং সে বুঝতে শেখে সে কী সুন্দর কাজটি করেছে।

আরেকটি জিনিস খুব কার্যকর হতে পারে, নামাজের অর্থকে ছোট ছোট অংশে জীবন্ত করা।

শিশু যদি শুধু দাঁড়ানো, রুকু, সিজদা আর মুখস্থ শব্দ জানে, কিছুদিন পরে নামাজ তার কাছে repetitive লাগতেই পারে। কিন্তু সে যখন বুঝতে শুরু করবে “আল্লাহু আকবার” বলে আমি আল্লাহর মহত্ত্ব ঘোষণা করছি, “আলহামদুলিল্লাহ” বলে আল্লাহর প্রশংসা করছি, তখন movement-এর ভেতরে meaning ঢুকতে শুরু করবে।

আর সিজদার গুরুত্ব বোঝাতে পারেন খুব সহজ করে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম, ৪৮২।

সব একদিনে শেখাবেন না। আজ শুধু “আল্লাহু আকবার”। অন্যদিন “সুবহানা রব্বিয়াল আ‘লা”। আরেকদিন সালাত শেষে নিজের ভাষায় আল্লাহর কাছে কিছু চাইতে দিন।

হয়তো সে বলবে, “আল্লাহ, কাল যেন আমার test ভালো হয়।”
হয়তো বলবে, “আমার বন্ধুর সঙ্গে যেন ঝগড়া ঠিক হয়ে যায়।”
হয়তো বলবে, “আমি ওই toy টা চাই।”

আপনার কাছে খুব ছোট মনে হতে পারে। কিন্তু শিশুটার কাছে এগুলোই তার পৃথিবী। সেই পৃথিবীর ভেতরেই তাকে শেখান, আল্লাহকে বলা যায়।

একদিন সে বড় হবে। Toy-এর জায়গায় হয়তো বলবে, “ইয়া আল্লাহ, আমার হৃদয়টা ঠিক করে দিন।” কিন্তু আল্লাহর কাছে নিজের কথা বলা যে যায়, সেই ভাষাটা ছোটবেলা থেকেই তৈরি হতে পারে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, বিমুখ করে দিও না।” সহিহ আল বুখারি, ৬১২৪–৬১২৫। এই হাদিস শিশুদের সালাত শেখানো নিয়ে বিশেষভাবে বলা হয়নি, তবে দ্বীন শেখানো ও মানুষের কাছে তা পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নববী নীতি।

তাই শিশুর বয়স, বোঝার ক্ষমতা আর মানসিক অবস্থার দিকে তাকানো জরুরি। ছোট বয়সে অনুকরণ বড় ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে শুধু অনুকরণ যথেষ্ট নাও হতে পারে; তখন প্রশ্নের উত্তর, অর্থ বোঝা এবং নিজের ভেতরের conviction গড়ে তোলাও জরুরি হয়ে ওঠে।

এই পরিবর্তনটা না বুঝলে আমরা অবাক হয়ে যাই, “ছোটবেলায় তো খুব আগ্রহ ছিল, এখন কী হলো?”

আসলে সে বদলেছে। তাই শেখানোর ভাষাও বদলাতে হবে।

আর শিশুর প্রশ্নকে ভয় পাবেন না।

“আল্লাহকে দেখি না, তবু কেন নামাজ পড়ি?”
“পাঁচ ওয়াক্তই কেন?”
“আমার বন্ধু তো পড়ে না।”
“নামাজ না পড়লে কী হয়?”
“আল্লাহ কি আমার কথা শোনেন?”

এই প্রশ্নগুলো সবসময় rebellion নয়। অনেক সময় এগুলো faith developing হওয়ার অংশ। সঙ্গে সঙ্গে “এমন প্রশ্ন করতে নেই” বলে বন্ধ করে দিলে সে হয়তো প্রশ্ন করা বন্ধ করবে, কিন্তু প্রশ্নটা মাথা থেকে যাবে না। জানলে উত্তর দিন। না জানলে বলুন, “আমি দেখে তোমাকে বলব।” এতটুকু বলাও parenting-এর দুর্বলতা নয়। বরং সে শিখবে, দ্বীন মানে প্রশ্ন চেপে রাখা নয়, সঠিক উত্তর খোঁজা।

শিশুর আগ্রহ ধরে রাখতে environment-এর কথাও ভাবুন। সালাতের সময় যদি ঘরে টিভি চলছে, অন্য সবাই ফোনে, আর শুধু তাকে বলা হচ্ছে “যাও নামাজ পড়ো”, সে খুব দ্রুত বুঝে ফেলে কোন জিনিসের গুরুত্ব বাস্তবে কতটা। আবার এমনও না যে প্রতিবার পুরো পরিবারকে perfect scene বানাতে হবে। বাস্তব জীবন ব্যস্ত। কখনো রান্না চলছে, কখনো ছোট বাচ্চা কাঁদছে, কখনো কেউ কাজে। কিন্তু শিশুটি যেন নিয়মিত এমন দৃশ্য দেখে, সালাত এলে আমরা থামি।

এটাই তার কাছে অনেক বড় শিক্ষা।

কখনো সপ্তাহে একটা সালাতকে family moment বানানো যেতে পারে। সবাই যার যার শরঈ অবস্থান অনুযায়ী প্রস্তুত হলো, তারপর সালাত শেষে দুই মিনিট বসে কেউ একটা ছোট দু‘আ করল। কোনো বড় lecture নয়। শুধু একটা শান্ত মুহূর্ত। শিশুর মনে তখন নামাজের সঙ্গে শুধু “দায়িত্ব” না, belonging-ও জুড়ে যায়।

আর reward?

মাঝেমধ্যে sticker, ছোট chart বা encouragement ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে habit building-এর শুরুতে। কিন্তু সাবধান থাকবেন, যেন প্রতিবার নামাজের পরে প্রশ্ন না আসে, “আমি কী পাব?” Reward সহায়ক হতে পারে, নামাজের মূল কারণ নয়।

একইভাবে শুধু punishment-এর ওপর নির্ভর করে সালাতের প্রতি ভালোবাসা তৈরি করা যায় না। বয়স বাড়লে discipline দরকার, দায়িত্বের কথাও বলতে হবে। রাসূলুল্লাহ ﷺ সাত বছর বয়সে সালাতের নির্দেশ দিতে এবং দশ বছর বয়সে এ বিষয়ে আরও দৃঢ় হওয়ার শিক্ষা দিয়েছেন। কিন্তু discipline যেন সম্পর্ক, শিক্ষা ও বোঝাপড়ার বিকল্প না হয়ে যায়।

লক্ষ্য শুধু এই নয় যে, শিশুটি আজ পাঁচ মিনিট জায়নামাজে দাঁড়াল। লক্ষ্য হলো, ধীরে ধীরে তার ভেতরে জায়গা পাক, “এটা আমার আল্লাহর সঙ্গে সম্পর্কের অংশ।”

আজ তাই নিজের সন্তানকে দেখে শুধু এটা জিজ্ঞেস করবেন না, “ও কয় ওয়াক্ত পড়ছে?”

আরেকটা প্রশ্ন করুন:

“সালাতের নাম শুনলে ওর মনে কী অনুভূতি তৈরি হয়?”

শান্তি? পরিচিতি? কৌতূহল? নাকি শুধু চাপ?

এই উত্তরটা অনেক কিছু বলে দেবে।

আগের পর্বে আমরা বলেছিলাম, খুব ছোট বয়সে সালাতের সঙ্গে পরিচয় তৈরি করতে হবে। এই পর্বে আরেক ধাপ এগোলাম। পরিচয়কে আগ্রহে রূপ দিতে হবে। এরপরের ধাপ আরও গুরুত্বপূর্ণ: শিশুকে শুধু নামাজ ভালো লাগানো নয়, আল্লাহকে চিনতে শেখানো।

কারণ শেষ পর্যন্ত জায়নামাজ, সুন্দর prayer dress, family routine, encouragement—সবই সহায়ক। কিন্তু যে শিশু বুঝতে শুরু করে আমি কার সামনে দাঁড়াচ্ছি, তার সালাতের ভিত অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়।

পরের পর্বে আমরা কথা বলব:

“নামাজ শেখানোর আগে সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করাচ্ছেন তো?”

আজকের জন্য একটা ছোট কাজ করুন। পরেরবার আপনার শিশু নামাজের কাছে এলে শুধু বলবেন না, “চলো নামাজ পড়ো।” তাকে একটা ছোট দায়িত্ব দিন। জায়নামাজটা এনে দিতে বলুন, সময় মনে করিয়ে দিতে বলুন, অথবা সালাত শেষে জিজ্ঞেস করুন, “আজ আল্লাহর কাছে কী চাইবে?”

হয়তো সেই ছোট্ট প্রশ্ন থেকেই নামাজ তার কাছে শুধু একটা নিয়ম না থেকে, একটা সম্পর্কের দরজা হতে শুরু করবে।

আল্লাহ আমাদের সন্তানদের অন্তরে সালাতের প্রতি ভালোবাসা দিন। আমাদের এমনভাবে দ্বীন শেখানোর তাওফিক দিন, যাতে তারা দায়িত্বও শেখে, আবার দ্বীন থেকে বিমুখও না হয়। আমাদের কথা, আচরণ ও ঘরের পরিবেশকে তাদের হিদায়াতের সুন্দর কারণ বানিয়ে দিন। আমিন।

আগের পর্বগুলো পড়তে:
#সন্তান_ও_সালাত

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।