মূল লেখায় যান

Study Room লেখা

সন্তান ও সালাত | পর্ব ৩ — সে নামাজ শিখছে, কিন্তু আল্লাহকে কতটা চিনছে?

বিষয়: · · · ·

সন্তান ও সালাত · পর্ব ০৩
সে নামাজ শিখছে, কিন্তু আল্লাহকে কতটা চিনছে?

একটা বাচ্চাকে আপনি বললেন, “নামাজ পড়ো।” সে জিজ্ঞেস করল, “কেন?” আপনি বললেন, “আল্লাহ বলেছেন।” তারপর খুব স্বাভাবিকভাবেই তার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, “আল্লাহ কে?”

প্রশ্নটা ছোট, কিন্তু সন্তানের সালাতের যাত্রায় এর গুরুত্ব অনেক বড়। আমরা অনেক সময় শিশুকে খুব দ্রুত শিখিয়ে ফেলি কীভাবে হাত বাঁধতে হয়, কোথায় রুকু করতে হয়, কোন সূরা পড়তে হয়। কিন্তু যাঁর সামনে সে দাঁড়াচ্ছে, সেই আল্লাহকে তার ছোট্ট হৃদয় কতটা চিনেছে, সেটা নিয়ে হয়তো ততটা ভাবি না।

তখন নামাজ তার কাছে কিছু movement হয়ে যেতে পারে। দাঁড়ানো, রুকু, সিজদা, সালাম। আম্মু বলেছে তাই করতে হবে। আব্বু জিজ্ঞেস করবে তাই পড়তে হবে।

কিন্তু একটা সময় আসবে, যখন আম্মু পাশে থাকবে না। আব্বু মনে করিয়ে দেবে না। তখন তাকে জায়নামাজে ফিরিয়ে আনার সবচেয়ে গভীর কারণগুলোর একটি হবে, আল্লাহকে সত্যি করে চেনা।

শিশুর মনে যদি ধীরে ধীরে এই অনুভূতি তৈরি হয়, “আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাকে জানেন। আমার কথা শোনেন। ভয় পেলে তাঁর কাছে যেতে পারি। কিছু চাইলে তাঁর কাছে চাইতে পারি। ভুল করলে তাঁর কাছে ক্ষমা চাইতে পারি।” তাহলে নামাজের অর্থ তার কাছে বদলাতে শুরু করবে।

কুরআনে লুকমান عليه السلام তাঁর সন্তানকে নসীহাহ করতে গিয়ে প্রথমে বলেন,

“হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না…”
সূরা লুকমান, ৩১:১৩

এরপর তিনি আল্লাহর জ্ঞানের কথা বোঝান। কোনো কাজ সরিষার দানার সমান ছোট হলেও, পাথরের ভেতরে, আসমানে কিংবা জমিনের কোথাও থাকলেও আল্লাহ তা জানেন। সূরা লুকমান, ৩১:১৬। এরপর তিনি বলেন,

“হে আমার প্রিয় পুত্র, সালাত কায়েম কর…”
সূরা লুকমান, ৩১:১৭

এই ধারাবাহিকতা আমাদের সুন্দর একটা শিক্ষা দেয়। সন্তানকে সালাত শেখানোর পাশাপাশি তাকে আল্লাহকে চিনতেও শেখাতে হবে। কারণ নামাজ শুধু কীভাবে পড়তে হয় জানলেই পূর্ণ হয় না, ধীরে ধীরে এটাও বুঝতে হয় আমি কার সামনে দাঁড়াচ্ছি।

কিন্তু ছোট শিশুকে আল্লাহর পরিচয় দেবেন কীভাবে?

বড় বড় আকীদার terminology দিয়ে নয়। তার নিজের ছোট্ট পৃথিবীর ভেতর দিয়েই শুরু করুন।

সকালে সুন্দর আকাশ দেখে বলতে পারেন, “দেখো, আল্লাহ কত সুন্দর আকাশ সৃষ্টি করেছেন।” পছন্দের খাবার পেলে বলুন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিযিক দিয়েছেন।” বৃষ্টি দেখল, ফুল দেখল, নতুন কিছু পেল, কোনো বিপদ থেকে বেঁচে গেল, এসবই আল্লাহর কথা স্বাভাবিকভাবে মনে করিয়ে দেওয়ার সুযোগ।

তবে প্রতিটি ঘটনার শেষে জোর করে একটা religious lecture বসানোর দরকার নেই। শিশুটি যেন মনে না করে, “আমি কিছু বললেই এখন আবার lecture শুরু হবে।” আল্লাহর কথা তার জীবনে আসুক স্বাভাবিকভাবে, উষ্ণভাবে এবং সত্যি করে।

সে ভয় পেল। শুধু বলবেন না, “ভয় পেও না।” কখনো বলুন, “চলো, আল্লাহর কাছে সাহায্য চাই।”

সে খুব কিছু চাইছে। শুধু বলবেন না, “আমি কিনে দেব।” কখনো বলুন, “আমরা চেষ্টা করব, আর আল্লাহর কাছেও চাইতে পারো।”

সে খুব মন খারাপ করেছে। বলতে পারেন, “তোমার কষ্টটাও আল্লাহ জানেন।”

একটা শিশুর কাছে এগুলো কয়েকটা ছোট বাক্য। কিন্তু এগুলোর মধ্য দিয়ে তার মনে ধীরে ধীরে একটা বড় সত্য বসতে থাকে,

আমার জীবনে আল্লাহ আছেন।

রাসূলুল্লাহ ﷺ শিশুদেরও আল্লাহর সঙ্গে সম্পর্কের শিক্ষা দিয়েছেন। ইবন আব্বাস رضي الله عنهما তখন অল্পবয়সী ছিলেন। রাসূলুল্লাহ ﷺ তাঁকে বলেছিলেন,

“হে বালক, আমি তোমাকে কিছু কথা শেখাব… আল্লাহকে স্মরণে রেখো, তিনি তোমাকে রক্ষা করবেন… যখন চাইবে, আল্লাহর কাছেই চাইবে; যখন সাহায্য চাইবে, আল্লাহর সাহায্য চাইবে।”
জামে আত তিরমিযি, ২৫১৬

খেয়াল করুন, একজন শিশুকে শুধু কিছু নিয়ম শেখানো হচ্ছে না। তাকে শেখানো হচ্ছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেমন হবে।

এখানেই আমরা অজান্তে একটা ভুল করে ফেলতে পারি। শিশুর কাছে আল্লাহর নাম সবচেয়ে বেশি আসে কখন?

“এটা করলে আল্লাহ শাস্তি দেবেন।”
“নামাজ না পড়লে আল্লাহ রাগ করবেন।”
“মিথ্যা বললে আল্লাহ দেখছেন।”

এর মধ্যে সত্যের অংশ আছে। আল্লাহ আমাদের কাজ দেখেন, গুনাহের জবাবদিহি আছে, আল্লাহর ভয়ও ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যদি একটা শিশুর কাছে আল্লাহর পরিচয়ের বেশিরভাগটাই শুধু শাস্তি, রাগ আর ভয় দিয়ে তৈরি হয়, তাহলে তার সামনে ছবিটার একটা অংশই রাখা হলো।

সে কি এটাও জানে, বিপদে সে আল্লাহকে ডাকতে পারে? আল্লাহ তাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন? ভুল করলে তাওবা করে ফিরে আসা যায়? আল্লাহ দু‘আ শোনেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না?

শিশুকে বয়স অনুযায়ী ধীরে ধীরে আল্লাহর মহত্ত্ব, তাঁর রহমত, তাঁর প্রতি ভালোবাসা, তাঁর ভয়, তাঁর কাছে আশা এবং জবাবদিহি সবকিছুর ভারসাম্যপূর্ণ পরিচয় দিতে হবে।

এর অর্থ আবার এটাও নয় যে তাকে শুধু বলা হবে, “আল্লাহ ভালোবাসেন, যা ইচ্ছা করো।” বয়স বাড়ার সঙ্গে দায়িত্ব, হালাল হারাম, গুনাহ, তাওবা, জান্নাত, জাহান্নাম এবং জবাবদিহির কথাও তাকে জানতে হবে। কিন্তু আল্লাহকে শুধু punishment এর ভাষায় পরিচয় করানো আর পূর্ণ ইসলামী ভারসাম্যে পরিচয় করানো এক বিষয় নয়।

আরেকটা subtle জায়গা আছে। শিশুটি কিছু চাইলে আমরা অনেক সময় বলি, “আল্লাহর কাছে দু‘আ করো, আল্লাহ দিয়ে দেবেন।”

সে দু‘আ করল। জিনিসটা পেল না।

ছোট মাথায় তখন প্রশ্ন আসতে পারে, “আল্লাহ কি আমার কথা শুনলেন না?”

তাই শুরু থেকেই সহজ ভাষায় বলতে পারেন, “আল্লাহ আমাদের দু‘আ শোনেন। আমরা যা চাই, সবসময় ঠিক সেইভাবেই পাব এমন নয়। আল্লাহ আমাদের জন্য কী ভালো, সেটা সবচেয়ে ভালো জানেন।”

তার বয়স যতটুকু বোঝে, ততটুকুই বলুন। কিন্তু ছোটবেলা থেকেই যেন তার মনে “দু‘আ করলাম মানেই আমি যা চেয়েছি সেটাই এখনই পাব” এমন ধারণা না বসে।

একদিন সে হয়তো জিজ্ঞেস করবে, “আল্লাহকে তো দেখি না। তাহলে?”

এই প্রশ্ন শুনে ভয় পাবেন না। শিশুর প্রশ্ন শেখারই অংশ। সঙ্গে সঙ্গে “এমন কথা বলতে নেই” বলে থামিয়ে দিলে সে হয়তো আপনার সামনে প্রশ্ন করা বন্ধ করবে, কিন্তু প্রশ্নটা তার মাথা থেকে যাবে।

সহজ করে বলতে পারেন, “আমরা দুনিয়াতে আল্লাহকে দেখি না। কিন্তু আল্লাহ আমাদের দেখেন, আমাদের কথা শোনেন এবং আমাদের সবকিছু জানেন।”

তারপর আরও প্রশ্ন এলে জানলে উত্তর দিন। না জানলে বলুন, “আমি জেনে তোমাকে বলব।” এতে মা বাবার সম্মান কমে না। বরং শিশুটি শেখে, দ্বীনের প্রশ্নেরও সঠিক উত্তর খুঁজে নিতে হয়।

সন্তানের সামনে এমন পরিবেশ তৈরি করুন, যেখানে দ্বীন নিয়ে প্রশ্ন করা নিরাপদ।

কারণ একটা সময় সে প্রশ্ন আপনাকে না করে internet কে করবে, বন্ধুকে করবে, social media কে করবে। তার আগেই যেন সে জানে, “আমার আম্মু আব্বুর কাছে আল্লাহ আর দ্বীন নিয়ে কথা বলা যায়।”

আর আপনার নিজের জীবনেও আল্লাহর কথা দৃশ্যমান হোক। কোনো ভালো খবর এলে সে শুনুক, “আলহামদুলিল্লাহ।” কোনো কঠিন সিদ্ধান্তে দেখুক, আপনি দু‘আ করছেন। কোনো কিছু পরিকল্পনা করে বলছেন, “ইন শা আল্লাহ।” ভুল করলে কখনো তার সামনেও স্বীকার করছেন, “আমার এটা করা ঠিক হয়নি, আল্লাহর কাছে ক্ষমা চাইব।”

তখন সে শিখবে, আল্লাহ শুধু শিশুদের নিয়ন্ত্রণ করার জন্য মা বাবার ব্যবহার করা কোনো নাম নন।

আল্লাহ আম্মুরও রব। আব্বুরও রব। আমরা সবাই তাঁর বান্দা।

এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যদি শিশু দেখে আল্লাহর কথা শুধু তখনই আসে যখন তাকে কিছু করাতে হবে, তাহলে দ্বীন তার কাছে একটা parenting tool হয়ে যেতে পারে। কিন্তু যদি সে দেখে তার মা বাবাও আল্লাহকে ভয় করেন, তাঁর রহমতের আশা করেন, তাঁর কাছে চান, ভুল করলে তাওবা করেন, তখন আল্লাহর পরিচয় তার কাছে অনেক বেশি বাস্তব হয়ে ওঠে।

এবার নামাজের দিকে ফিরুন।

আপনি বললেন, “চলো সালাত পড়ি।”

সে যদি জানেই না কেন পড়ছে, এটা শুধু command। কিন্তু ধীরে ধীরে যদি সে বুঝতে শুরু করে, “আমি এখন সেই আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, যাঁর কাছে আমি গতকাল আমার ভয়টার কথা বলেছিলাম। যাঁকে ভালো কিছু পেয়ে আলহামদুলিল্লাহ বলেছি। যিনি আমার কথা জানেন।”

তখন একই সালাতের ভেতরে meaning ঢুকতে শুরু করে।

এটাই আমাদের লক্ষ্য।

শিশুকে শুধু সালাতের form শেখানো নয়, সালাতের গন্তব্যও চিনিয়ে দেওয়া।

সে যেন জানে সিজদাটা কার জন্য। দু‘আটা কাকে করছে। “আল্লাহু আকবার” বলার সময় কাকে সবচেয়ে মহান বলছে।

অবশ্যই এটা একদিনে হবে না। চার বছরের শিশুর বোঝাপড়া আর চৌদ্দ বছরের কিশোরের বোঝাপড়া এক হবে না। আজ তাকে বললেন, “আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন।” কিছুদিন পরে, “আল্লাহ আমাদের রিযিক দেন।” এরপর আল্লাহর সুন্দর নাম ও গুণাবলি, তাওয়াক্কুল, তাওবা, তাকদির, জবাবদিহি নিয়ে বয়স অনুযায়ী আরও গভীরভাবে কথা হবে।

সন্তানের সঙ্গে আল্লাহর পরিচয়ও তার বয়সের সঙ্গে সঙ্গে গভীর হবে।

তাই আজ শুধু জিজ্ঞেস করবেন না,

“আমার সন্তান নামাজ জানে?”

আরেকটা প্রশ্ন করুন,

“আমার সন্তান আল্লাহ সম্পর্কে কী জানে?”

আল্লাহর নাম শুনলে তার মনে শুধু ভয় আসে, নাকি আশ্রয়ের অনুভূতিও আসে? কোনো সমস্যা হলে সে কি কখনো নিজে থেকে আল্লাহর কাছে চাইতে চায়? কোনো নিয়ামত পেলে আল্লাহকে মনে পড়ে? ভুল করলে শুধু punishment এর ভয় পায়, নাকি ক্ষমা চাওয়ার দরজাটাও জানে?

এই উত্তরগুলোই অনেক কিছু বলে দেবে।

আগের পর্বে আমরা দেখেছিলাম, কীভাবে সালাতকে শিশুর কাছে পরিচিত ও আপন করে আগ্রহ তৈরি করা যায়। এবার সেই আগ্রহের নিচে আরও গভীর foundation বসালাম:

সে কার জন্য নামাজ পড়বে, সেই আল্লাহকে ধীরে ধীরে চিনতে হবে।

পরের পর্বে আমরা যাব আরও practical জায়গায়:

খেলতে খেলতে নামাজে দাঁড়ানো শিশুকে ধীরে ধীরে নিয়মিত সালাতের অভ্যাসে আনবেন কীভাবে?

কারণ আগ্রহ তৈরি হয়েছে, আল্লাহর পরিচয়ও হচ্ছে। এবার সেই পরিচয় আর ভালোবাসাকে ধীরে ধীরে routine এ রূপ দিতে হবে, এমনভাবে যেন নামাজ দায়িত্বে পরিণত হয়, কিন্তু হৃদয়ের উষ্ণতাটা হারিয়ে না যায়।

আজ রাতে একটা ছোট কাজ করতে পারেন। সন্তানকে ঘুম পাড়ানোর আগে কোনো lecture নয়। শুধু জিজ্ঞেস করুন,

“আজ আল্লাহ তোমাকে কী কী নিয়ামত দিয়েছেন বলে মনে হয়?”

তার উত্তরটা মন দিয়ে শুনুন।

হয়তো বলবে, “আমার খেলনা।”
“আম্মু।”
“চকলেট।”
“আমার বন্ধু।”

হেসে উড়িয়ে দেবেন না।

ওই ছোট্ট উত্তরগুলোর মধ্য দিয়েই হয়তো সে প্রথমবার নিজের জীবনের সঙ্গে আল্লাহর সম্পর্ক দেখতে শিখছে।

আল্লাহ আমাদের সন্তানদের অন্তরে তাঁর সঠিক পরিচয় বসিয়ে দিন। তারা যেন তাঁকে ভালোবাসে, তাঁর মহত্ত্ব উপলব্ধি করে, তাঁকে ভয় করে, তাঁর রহমতের আশা রাখে এবং প্রয়োজনের সময় তাঁর কাছেই ফিরে আসে। আর আমাদের এমন মা বাবা বানান, যাদের কথা ও জীবন দেখে সন্তান বুঝতে পারে, আল্লাহ শুধু আমাদের শেখানো একটি বিষয় নন, তিনিই আমাদের রব। আমিন।

আগের পর্বগুলো পড়তে:
#সন্তান_ও_সালাত

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।