মূল লেখায় যান

Study Room লেখা

সন্তান ও সালাত | পর্ব ৪ — খেলতে খেলতে নামাজে দাঁড়ানো শিশুকে নিয়মিত সালাতে আনবেন কীভাবে?

বিষয়: · · · ·

সন্তান ও সালাত · পর্ব ০৪
খেলতে খেলতে নামাজে দাঁড়ানো শিশুকে নিয়মিত সালাতে আনবেন কীভাবে?

একসময় আপনার বাচ্চাটা নিজে থেকেই জায়নামাজ নিয়ে পাশে দাঁড়াত। কখনো দুই রাকাত শেষ করত, কখনো প্রথম সিজদার পরই খেলতে চলে যেত। তখন বিষয়টা খুব মিষ্টি লাগত। কিন্তু বয়স একটু বাড়তেই মা বাবার মনে নতুন চিন্তা আসে, “এভাবে খেলতে খেলতেই আর কতদিন? এখন তো ধীরে ধীরে নিয়মিত নামাজ শেখাতে হবে।”

এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানেই আমরা কখনো দুই প্রান্তে চলে যাই। কেউ ভাবি, “ও এখনো ছোট, বড় হলে এমনিতেই পড়ে নেবে।” আবার কেউ হঠাৎ একদিন ঠিক করি, “আজ থেকে পাঁচ ওয়াক্ত একটাও বাদ দেওয়া যাবে না।” কয়েক বছর যে শিশুর জন্য সালাত ছিল পরিচয়, অনুকরণ আর ভালোবাসার জায়গা, তার কাছে হঠাৎ সেটা শুধু command হয়ে দাঁড়াতে পারে।

আসলে পরিচয় থেকে অভ্যাসে যাওয়ার জন্য দরকার ধীরে ধীরে structure।

আগের পর্বগুলোতে আমরা কথা বলেছি, ছোট শিশুকে সালাতের সঙ্গে পরিচিত করা, আগ্রহ তৈরি করা এবং আল্লাহকে চিনতে শেখানোর বিষয়ে। এবার সেই জায়গা থেকে আরেক ধাপ এগোতে হবে। সে শুধু আপনার পাশে দাঁড়াবে না, ধীরে ধীরে বুঝবে, সালাতের একটা সময় আছে, একটা নিয়ম আছে এবং এটা আমাদের দিনের স্থায়ী অংশ।

আল্লাহ বলেন,

“তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো।”
সূরা ত্ব হা, ২০:১৩২

সন্তানকে নামাজে অভ্যস্ত করা একদিনের project নয়। আজ বললেন, কাল ভুলে গেল, পরশু আবার মনে করালেন। এই ধারাবাহিকতাটাই tarbiyah-এর বড় অংশ।

সাত বছরের আগের ছোট বয়সে পাঁচ ওয়াক্তকে চাপের checklist বানানোর দরকার নেই। তবে সুযোগমতো সব সালাতের সঙ্গেই তাকে পরিচিত করতে থাকুন। পরিবারের routine অনুযায়ী কিছু সালাতকে predictable anchor বানানো যেতে পারে। যেমন মাগরিবের সময় সবাই ঘরে থাকে, তাই “আযান হলো, চলো সালাতের জন্য প্রস্তুত হই” এই অভ্যাস তৈরি করা তুলনামূলক সহজ হতে পারে।

কিন্তু লক্ষ্য শুধু এক বা দুই ওয়াক্তে থেমে যাওয়া নয়। এগুলো হলো অভ্যাস তৈরির প্রস্তুতি। সাত বছর পূর্ণ হলে নিয়মিতভাবে সালাতের নির্দেশ দেওয়া শুরু করতে হবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

“তোমাদের সন্তানদের সাত বছর বয়স হলে সালাতের নির্দেশ দাও…”
সুনান আবু দাউদ, ৪৯৫

তাই সাত বছরের আগের বছরগুলো এমনভাবে ব্যবহার করা ভালো, যেন সাত বছর বয়সে গিয়ে সবকিছু একেবারে নতুন না লাগে।

এই transition কীভাবে করবেন?

প্রথমে সালাতের আগে একটা predictable routine তৈরি করুন। আযান হলো। খেলনা একটু গুছিয়ে রাখা হলো। ওযুর প্রস্তুতি। নিজের জায়নামাজ বের করা। তারপর মা বাবা বা পরিবারের কারও সঙ্গে সালাতে দাঁড়ানো।

প্রতিদিন একইভাবে ঘটতে থাকলে শিশুর কাছে একটা পরিচিত pattern তৈরি হয়। আযান মানে হঠাৎ আম্মুর রাগ নয়। আযান মানে এখন আমরা একটা নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত হই।

শিশু খেলায় খুব ডুবে থাকলে হঠাৎ গিয়ে বললেন, “এখনই সব বন্ধ করো, নামাজ পড়ো”, সে বিরক্ত হতে পারে। তার বদলে একটু আগে বলতে পারেন, “আর পাঁচ মিনিট খেলো, তারপর আমরা মাগরিব পড়ব।” এতে সে transition-এর জন্য mentally ready হতে পারে।

তবে প্রতিবার তার mood ঠিক হওয়ার অপেক্ষাও করবেন না। কারণ আমরা তাকে এটাও শেখাচ্ছি, সব দায়িত্ব ইচ্ছা হওয়ার ওপর নির্ভর করে না।

সে বলতে পারে, “আমার এখন নামাজ পড়তে ইচ্ছা করছে না।”

আপনি শান্তভাবে বলতে পারেন, “আমি বুঝি তুমি খেলতে চাচ্ছ। কিন্তু এখন সালাতের সময়। খেলা পরে আবার করতে পারবে।”

এখানে ভালোবাসা আছে, আবার boundary-ও আছে।

আরেকটা common mistake হলো, প্রতিবার নামাজকে negotiation বানিয়ে ফেলা।

“নামাজ পড়লে chocolate দেব।”
“নামাজ পড়লে game খেলতে পারবে।”
“নামাজ পড়লে gift দেব।”

ছোটখাটো encouragement বা tracking habit building-এ সাহায্য করতে পারে। কিন্তু প্রতিটি সালাতের পেছনে reward থাকলে শিশু দ্রুত শিখে ফেলতে পারে, “নামাজের পরে আমি কী পাব?”

তার বদলে consistency appreciate করুন। বলতে পারেন, “আমি দেখছি তুমি কয়েকদিন ধরে আযান হলে নিজে থেকেই প্রস্তুত হচ্ছ, মাশাআল্লাহ।” এতে প্রশংসা তার effort আর দায়িত্ববোধের সঙ্গে যুক্ত হয়।

একটা simple prayer chart কিছু শিশুর ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে এটা শরিয়তে নির্ধারিত কোনো বিশেষ পদ্ধতি নয়, শুধু habit tracking-এর একটা practical tool। আর chart যেন competition না হয়। ভাই পাঁচটা tick পেয়েছে, তুমি তিনটা, তাই তুমি খারাপ, এমন পরিবেশ বানাবেন না।

কোনোদিন সে ভুলে গেল?

প্রথম reaction যেন অপমান না হয়।

“তুমি কখনোই ঠিক হবে না।”
“তোমাকে দিয়ে নামাজ হবে না।”
“অমুকের বাচ্চাকে দেখো।”

এই কথাগুলো দায়িত্ব শেখানোর বদলে শিশুর নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।

তার বদলে বলুন, “আজ সালাতটা সময়মতো হয়নি। কেন হলো সেটা বুঝি, তারপর পরেরবার কীভাবে ঠিক রাখা যায় দেখি।”

Alarm লাগবে? Reminder দরকার? আম্মু ডাকবে? সে নিজে ঘড়ি দেখবে?

অর্থাৎ ভুলকে শুধু guilt-এ রেখে না দিয়ে পরেরবারের প্রস্তুতিতে নিয়ে যান।

আরেকটি বড় বিষয় হলো, যতটা সম্ভব শুধু “যাও নামাজ পড়ো” না বলে “চলো নামাজ পড়ি” বলা।

সবসময় একসঙ্গে সম্ভব নয়। কিন্তু যতবার সম্ভব পরিবারে সালাতকে shared practice বানান। সে দেখুক আব্বুকেও কাজ থামাতে হয়। আম্মুকেও সময় বের করতে হয়। নামাজ শুধু বাচ্চাদের ওপর চাপানো rule নয়।

আপনি তাকে বলছেন, “নামাজ আগে”, কিন্তু নিজের favourite programme চললে সালাত পিছিয়ে দিচ্ছেন। বলছেন, “আযান হলে ফোন রাখো”, কিন্তু নিজের ফোনটা হাতেই আছে। শিশুরা এই contradiction খুব দ্রুত বুঝে ফেলে।

Perfect parent হওয়া সম্ভব নয়। ভুল হবেই। কিন্তু overall message যেন পরিষ্কার থাকে, সালাত আমাদের সবার দায়িত্ব।

আর routine তৈরি করতে গিয়ে নামাজকে অতিরিক্ত দীর্ঘ ও কঠিনও করে ফেলবেন না। যে শিশু এখনো শেখার পর্যায়ে, তাকে বয়স ও সামর্থ্য অনুযায়ী এগোতে দিন। ভুল হলে সংশোধন করুন, কিন্তু প্রতিটি ছোট ভুলে পুরো সালাত থামিয়ে lecture দেওয়ার দরকার নেই। সালাত শেষে এক বা দুইটা বিষয় ঠিক করে দেওয়া যায়।

একদিন রুকু ঠিক হবে। আরেকদিন তাশাহহুদ। এরপর সূরা।

সব একসঙ্গে perfect করার চেষ্টা করলে শিশুর মাথায় নামাজ মানেই, “আমি কোথায় ভুল করছি?” এই tension তৈরি হতে পারে।

আমাদের লক্ষ্য perfection-এর অভিনয় নয়। ধীরে ধীরে সঠিক সালাত শেখা এবং নিয়মিত হওয়া।

আর consistency সব শিশুর ক্ষেত্রে একই গতিতে আসবে না। কেউ খুব দ্রুত routine ধরে ফেলে। কেউ বারবার ভুলে যায়। কেউ খুব active। কেউ concentration ধরে রাখতে কষ্ট পায়। একই পরিবারের দুই সন্তানকেও একই ছাঁচে ফেলবেন না।

কিন্তু expectation যেন থাকে।

ভালোবাসার অর্থ দায়িত্বহীনতা নয়। আর discipline-এর অর্থ সবসময় রাগও নয়।

“আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সালাতের ব্যাপারে আমি উদাসীন থাকব না।”

এই অনুভূতিটা সন্তানের কাছে পৌঁছানো দরকার।

একদিন হয়তো আপনি দশবার মনে করিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে কোনো লাভ হচ্ছে না। কিন্তু tarbiyah-এর অনেক ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। আজ আপনি আযান শুনে তাকে ডাকছেন, কয়েক বছর পরে হয়তো সে-ই আপনাকে মনে করিয়ে দেবে।

তাই নিজের কাছে একটা প্রশ্ন রাখুন,

আমি কি শুধু চাই ও আজকের নামাজটা পড়ে ফেলুক, নাকি এমন একটা অভ্যাস তৈরি করছি যা একদিন আমাকে ছাড়াও টিকে থাকবে?

এই দুইটার মধ্যে অনেক পার্থক্য।

শুধু আজকের সালাত আদায় করানোর জন্য ভয় দেখানো সহজ হতে পারে। কিন্তু এমন একজন মানুষ তৈরি করা, যে একদিন school trip-এ, university hostel-এ, বিদেশে, কর্মজীবনে বা নিজের পরিবারের মাঝেও আযান হলে নিজে থেকে উঠে দাঁড়াবে, সেই কাজটা আজ থেকেই শুরু হয়।

ছোট ছোট routine দিয়ে।

আযান শুনে থামা।
ওযুর প্রস্তুতি নেওয়া।
জায়নামাজ বের করা।
মা বাবাকে সালাতকে priority দিতে দেখা।
ভুল হলে আবার চেষ্টা করা।

এভাবেই খেলতে খেলতে পাশে দাঁড়ানো ছোট্ট মানুষটা ধীরে ধীরে বুঝতে শেখে,

“সালাত শুধু আম্মু আব্বুর সঙ্গে করা একটা কাজ নয়। এটা আমারও দায়িত্ব।”

পরের পর্বে আমরা আরও নির্দিষ্টভাবে কথা বলব:

সাত বছর বয়স হলে সালাত শেখানোর পদ্ধতিতে কী কী বদল আসবে? কীভাবে নিয়মিত পাঁচ ওয়াক্তের routine তৈরি করবেন, অথচ নামাজকে প্রতিদিনের যুদ্ধ বানাবেন না?

আজকের জন্য একটা ছোট কাজ করুন। আপনার সন্তানের জন্য একটি সালাত বেছে নিন, যেটা এখন থেকে পরিবারের সবচেয়ে predictable prayer moment হবে। আযানের কিছু আগে তাকে জানিয়ে দিন, তারপর সম্ভব হলে একসঙ্গে প্রস্তুত হন।

বড় কোনো announcement নয়।

শুধু নিয়মিত করুন।

কারণ শিশুর জীবনে অনেক বড় অভ্যাসই তৈরি হয় খুব ছোট একটি বাক্য থেকে,

“আযান হয়েছে, চলো আমরা সালাতের জন্য প্রস্তুত হই।”

আল্লাহ আমাদের সন্তানদের সালাতের সঙ্গে এমন সম্পর্ক দিন, যেখানে ভালোবাসা আছে, দায়িত্ব আছে এবং ধারাবাহিকতা আছে। আমাদের ধৈর্য দিন, যেন তাড়াহুড়া করে তাদের ওপর এমন চাপ না দিই যা তাদের দূরে সরিয়ে দেয়, আবার এমন উদাসীনও না হই যে দায়িত্ব শেখানোর সময়টাই চলে যায়। আমাদের ঘরগুলোকে সালাতের মাধ্যমে জীবন্ত করে দিন। আমিন।

আগের পর্বগুলো পড়তে:
#সন্তান_ও_সালাত

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।