মূল লেখায় যান

Study Room লেখা

সন্তান ও সালাত | পর্ব ৫ — সাত বছর বয়স হলো, এখন কী বদলাবে?

বিষয়: · · · ·

সন্তান ও সালাত · পর্ব ০৫
সাত বছর বয়স হলো, এখন কী বদলাবে?

এতদিন আযান হলে সে কখনো আপনার পাশে দাঁড়িয়েছে, কখনো মাঝপথে চলে গেছে, কখনো নিজেই জায়নামাজ এনে বসেছে। আপনি খুব বেশি চাপ দেননি। নামাজকে চিনিয়েছেন, আল্লাহর কথা বলেছেন, আগ্রহ তৈরি করেছেন, ছোট ছোট routine বানিয়েছেন। কিন্তু এবার তার বয়স সাত। এখন অনেক মা বাবার মনে প্রশ্ন আসে, “আগের মতোই বলব ‘ইচ্ছা হলে পড়ো’, নাকি এখন থেকে পাঁচ ওয়াক্তের ব্যাপারে নিয়মিত হতে হবে?”

এই বয়সে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের সন্তানদের সাত বছর বয়স হলে সালাতের নির্দেশ দাও…” সুনান আবু দাউদ, ৪৯৫। খেয়াল করুন, এখানে শুধু নামাজ “চিনিয়ে দিতে” বলা হয়নি, নির্দেশ দিতে বলা হয়েছে। অর্থাৎ সাত বছর বয়সে এসে সালাত আর শুধু “আম্মুর পাশে দাঁড়াতে ভালো লাগলে দাঁড়ালাম” পর্যায়ে থাকবে না। এখন ধীরে ধীরে শিশুকে বুঝতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত আমার দিনের নিয়মিত দায়িত্বের অংশ।

তবে একটা বিষয় পরিষ্কার রাখা দরকার। বালেগ হওয়ার আগে শিশু এখনো শরঈভাবে মুকাল্লাফ নয়। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মুসলিমের মতো তার ওপর পূর্ণ শরঈ জবাবদিহি আসে না। কিন্তু তার মানে এই নয় যে, “বালেগ হওয়ার আগে নামাজ নিয়ে চিন্তা নেই।” বরং নবী ﷺ বালেগ হওয়ার আগেই সাত বছর থেকে সালাতের নিয়মিত training শুরু করতে বলেছেন। এই সময়টা preparation-এর সময়। একদিন হঠাৎ বালেগ হয়ে সে যেন প্রথমবার না শোনে, “আজ থেকে পাঁচ ওয়াক্ত ফরজ।” তার আগেই তার শরীর, ঘুম, সময়, ওযু, মন এবং পুরো দিনের routine সালাতের সঙ্গে পরিচিত হয়ে যাক।

সাত বছর বয়সে তাই ভালোবাসা বাদ যাবে না, কিন্তু ভালোবাসার সঙ্গে দায়িত্ব যোগ হবে।

আগে হয়তো বলতেন, “আমার সঙ্গে নামাজ পড়বে?” এখন ভাষাটা ধীরে ধীরে হতে পারে, “আযান হয়েছে, চলো সালাতের জন্য প্রস্তুত হই।” পার্থক্যটা ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমটায় পুরো বিষয়টা তার ইচ্ছার ওপর। দ্বিতীয়টায় সে বুঝছে, সালাতের সময় এসেছে এবং আমাদের এখন সাড়া দিতে হবে। তবে সাত বছর পূর্ণ হওয়ার পরদিন থেকেই পাঁচ ওয়াক্ত flawless হয়ে যাবে, এমন expectation রাখবেন না। আপনি এতদিন habit-এর groundwork করেছেন। এখন সেই habit-কে আরও organised করতে হবে।

সবচেয়ে আগে শিশুকে পাঁচ ওয়াক্তের দিনের মানচিত্র বুঝিয়ে দিন। ফজর হলো ভোরের সালাত, সূর্য ওঠার আগে। যোহর দিনের মধ্যভাগে। আসর বিকেলের দিকে। মাগরিব সূর্য ডোবার পর। ইশা রাতের সালাত। শুধু নাম মুখস্থ করানো নয়, সে যেন নিজের দিনের সঙ্গে পাঁচ ওয়াক্তকে মিলিয়ে দেখতে শেখে।

তারপর দেখুন, প্রতিটি সালাত বাস্তবে কীভাবে রক্ষা করবে। মাগরিবে সে সাধারণত ঘরে থাকে, তাই সহজ হতে পারে। ইশার সঙ্গে bedtime routine জুড়ে দেওয়া যায়। ফজরের জন্য আগের রাতের sleep routine দেখতে হবে। যোহর বা আসর school-এর সময় হলে আগে থেকেই ভাবতে হবে কোথায়, কীভাবে বা কোন সময়ে সালাত আদায় করা সম্ভব।

এখানে একটা বড় শিক্ষা আছে: শিশুকে পাঁচ ওয়াক্ত পড়তে বললেই দায়িত্ব শেষ নয়। পাঁচ ওয়াক্ত পড়ার মতো জীবনও তাকে গুছিয়ে দিতে সাহায্য করতে হবে। আপনি যদি তাকে রাত অনেকক্ষণ জাগতে দেন, তারপর ফজরে না উঠলে শুধু রাগ করেন, তাহলে সমস্যার অর্ধেক আপনি ভোরে দেখছেন, আর অর্ধেকটা রাতেই রেখে দিচ্ছেন। আপনি যদি জানেন school-এর সময় সালাতের ওয়াক্ত চলে যেতে পারে, কিন্তু কীভাবে ব্যবস্থা হবে সেটা নিয়ে কখনো কথা না বলেন, তারপর বাড়ি এসে শুধু বলেন, “নামাজ পড়েছ?”, তাহলে শিশুটি command পেয়েছে, solution পায়নি।

সাত বছর থেকে তাই শুধু reminder নয়, planning-ও parenting-এর অংশ।

একটা simple prayer timetable রাখা যেতে পারে। এটা শরিয়তে নির্ধারিত বিশেষ কোনো পদ্ধতি নয়, শুধু কিছু শিশুর জন্য practical reminder হিসেবে কাজ করতে পারে। সেখানে পাঁচ ওয়াক্তের নাম থাকবে, সে নিজে দেখে বুঝবে দিনের কোথায় কোন সালাত আসে। তার নিজের alarm থাকতে পারে। সে আযানের সময় জানাতে পারে। মাগরিবে জায়নামাজ বিছানোর দায়িত্ব তার হতে পারে। ছেলেকে উপযুক্ত পরিবেশ থাকলে বাবার সঙ্গে মসজিদের সুন্দর অভ্যাসে নেওয়া যেতে পারে। লক্ষ্য হলো, সবকিছুর জন্য যেন শুধু আম্মুর মুখের ওপর নির্ভর করতে না হয়।

কারণ আপনি যদি প্রতিদিন শুধু বলেন, “নামাজ পড়ো”, “নামাজ পড়েছ?”, “এখনো পড়নি?”, “যাও নামাজ পড়ো!”, “কতবার বলব?”, তাহলে কিছুদিনের মধ্যে আপনার কণ্ঠটাই তার prayer alarm হয়ে যাবে। আমরা চাই ধীরে ধীরে তার ভেতরেও alarm তৈরি হোক। তাই মাঝে মাঝে প্রশ্নের ধরন বদলাতে পারেন: “এখন কোন ওয়াক্ত?”, “মাগরিবের কত সময় বাকি?”, “আজ যোহরের ব্যবস্থা কীভাবে করবে?”, “ইশার আগে কী কী শেষ করতে হবে?” অর্থাৎ শুধু আদেশ নয়, তাকে নিজের সালাতের ব্যাপারে ভাবতেও শেখান।

কোনোদিন সে ভুলে গেল বা দেরি করল? সঙ্গে সঙ্গে চরিত্রের বিচার করবেন না। “তোমার নামাজের প্রতি কোনো ভালোবাসাই নেই”, “তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছ”, “এই বয়সেই এমন, বড় হলে কী হবে”—একটা সাত বছরের শিশুর একটা ভুল থেকে তার ভবিষ্যৎ ঈমানের verdict দিয়ে দেবেন না। বরং জানতে চান, কেন হলো? খেলায় ভুলে গেছে? সময় বুঝতে পারেনি? ওযু করতে আলসেমি লেগেছে? school-এ opportunity বুঝতে পারেনি? রাতে দেরি করে ঘুমিয়েছে? কারণ আলাদা হলে solution-ও আলাদা হবে।

বলতে পারেন, “আজ সালাতটা সময়মতো হয়নি। কেন হলো সেটা বুঝি, তারপর পরেরবার কীভাবে ঠিক রাখা যায় দেখি।” Alarm লাগবে? Reminder দরকার? আম্মু ডাকবে? সে নিজে ঘড়ি দেখবে? Gentle হওয়া মানে কিন্তু এটাও নয় যে প্রতিবার বলা হবে, “কোনো সমস্যা নেই, না পড়লেও হবে।” সাত বছর থেকে যেহেতু নিয়মিত সালাতের নির্দেশ দেওয়ার নববী শিক্ষা এসেছে, তাই গুরুত্বটা পরিষ্কার থাকতে হবে।

বলতে পারেন, “তুমি এখন এমন বয়সে এসেছ, যখন আমরা পাঁচ ওয়াক্ত ঠিক রাখার চেষ্টা করব। কোনোদিন ভুল হলে ঠিক করব, কিন্তু নামাজকে ছেড়ে দেব না।” এই কথার মধ্যে চাপের চেয়ে commitment বেশি।

আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো, সে আসলে সালাত ঠিকমতো জানে কি না সেটা দেখে নেওয়া। আমরা অনেক সময় ধরে নিই, “ও তো ছোট থেকেই আমাদের সঙ্গে পড়ে, সব জানে।” কিন্তু একদিন আলাদা করে দেখলে বোঝা যায়, সূরা ফাতিহার কিছু শব্দ ভুল, তাশাহহুদ পুরো জানা নেই, রাকাআতের সংখ্যা গুলিয়ে যায়, কখন কী পড়তে হয় বুঝতে পারে না। এগুলো নিয়ে তাকে embarrassed করবেন না। বলুন, “চলো দেখি কোনগুলো আমরা আরও সুন্দর করে শিখতে পারি।”

একদিন শুধু ওযু। অন্যদিন সূরা ফাতিহা। আরেকদিন রুকু ও সিজদা। এরপর তাশাহহুদ। ধীরে ধীরে সালাতের প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক করুন। শিশুটি যেন মনে না করে, “আমার নামাজ সবসময় ভুল।” বরং মনে করুক, “আমি শিখছি, আর আগের চেয়ে ভালো হচ্ছি।”

আল্লাহ বলেন, “তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো।” সূরা ত্ব হা, ২০:১৩২। এই “অবিচল থাকা” parenting-এর জন্য খুব বাস্তব। একদিন বললেই হবে না, এক সপ্তাহ chart বানালেই হবে না, দুই মাস পরে tired হয়ে ছেড়ে দিলেও হবে না। সন্তান কখনো ভালো করবে, কখনো পিছিয়ে যাবে। কখনো নিজেই উঠবে, কখনো বহুবার মনে করাতে হবে। মা বাবার কাজ হলো সেই ওঠানামার মধ্যেও direction না হারানো।

আর সাত বছরের শিশুকে নামাজ শেখাতে গিয়ে একটা বিষয় খুব সচেতনভাবে রক্ষা করুন: আপনার সঙ্গে তার সম্পর্ক। সালাত নিয়ে firmness থাকবে। কিন্তু প্রতিদিন পাঁচবার আপনার সঙ্গে তার relationship যেন শুধু conflict-এর relationship না হয়ে যায়। নামাজ পড়েছে কি না, এটুকুই যদি তার সঙ্গে আপনার সবচেয়ে বেশি religious conversation হয়, তাহলে দ্বীন তার কাছে inspection-এর মতো লাগতে পারে।

তার সঙ্গে আল্লাহর কথা বলুন। ছোট দু‘আ করুন। কোনো ভালো কাজ করলে appreciate করুন। গল্প বলুন। ভুল করলে নিজের তাওবার কথাও বলুন। তারপর সালাতের ব্যাপারে দৃঢ় থাকুন। সে যেন বুঝতে পারে, “আম্মু আব্বু আমাকে শুধু control করতে চান না। তারা সত্যিই চান আমি আল্লাহর সঙ্গে connected থাকি।”

আর comparison বাদ দিন। “তোমার cousin পাঁচ ওয়াক্ত পড়ে”, “তোমার ভাইকে তো বলতে হয় না”, “ওর বয়স তোমার চেয়ে কম, তবুও সব জানে”—এসব সন্তানের দায়িত্ববোধের চেয়ে হীনমন্যতা বেশি বাড়াতে পারে। আমাদের লক্ষ্য অন্যের সন্তানকে হারানো নয়। নিজের সন্তানকে গতকালের চেয়ে এক ধাপ এগিয়ে নেওয়া।

আজ যদি পাঁচবার reminder লাগে, কয়েক মাস পরে হয়তো তিনবার লাগবে। তারপর একদিন সে নিজেই বলবে, “আসর হয়ে গেছে।” এই ছোট পরিবর্তনগুলো দেখুন। ব্যবহারিকভাবে সাত বছর থেকে বালেগ হওয়ার আগের সময়টা সন্তানের নিজের সালাতের দায়িত্ববোধ গড়ে তোলার খুব গুরুত্বপূর্ণ training period।

আজ আপনি সময় বলে দিচ্ছেন। কিছুদিন পর সে নিজে সময় দেখবে। আজ আপনি জায়নামাজ বের করছেন। একদিন সে নিজেই প্রস্তুত হবে। আজ আপনি বলছেন, “চলো।” একদিন আপনি ঘরে থাকবেনই না, তবুও আযান হলে সে উঠে দাঁড়াবে।

এই জায়গাটাই তো আসল লক্ষ্য।

একজন সাত বছরের শিশুকে এমন বানানো নয় যে আম্মু রাগ করলে নামাজ পড়ে। বরং কয়েক বছরের tarbiyah শেষে এমন একজন কিশোর বা কিশোরী তৈরি করা, যে জানে, “এটা আমার সালাত। আমার রবের সামনে আমার দাঁড়ানো।”

তাই সাত বছর বয়সে সবচেয়ে বড় পরিবর্তন শুধু rule বাড়ানো নয়। পরিচয় থেকে দায়িত্বে যাত্রা শুরু করা। ভালোবাসা থাকবে, সহজতা থাকবে, ভুল হলে সংশোধনের জায়গা থাকবে। কিন্তু এখন থেকে পাঁচ ওয়াক্তকে তার জীবনের স্থায়ী অংশ বানানোর সচেতন চেষ্টা থাকবে।

আর এই হাদিসের পরের অংশে দশ বছর বয়সে সালাতের ব্যাপারে আরও দৃঢ় হওয়ার নির্দেশও এসেছে। সেই বয়সে discipline কীভাবে বুঝবেন, কোথায় firmness থাকবে, কীভাবে ভুলভাবে harsh না হয়ে নববী নির্দেশকে অনুসরণ করবেন, সেটা আমরা সামনে আলাদা পর্বে আলোচনা করব, ইন শা আল্লাহ।

আজকের জন্য একটা practical কাজ করুন। সন্তানের সঙ্গে বসে তার একটা সাধারণ দিনের routine লিখুন। School, খেলা, খাবার, ঘুম সবকিছুর পাশে পাঁচ ওয়াক্ত সালাত কোথায় বসবে সেটা একসঙ্গে ঠিক করুন। তারপর তাকে জিজ্ঞেস করুন, “কোন সালাতটায় তোমার সবচেয়ে বেশি সাহায্য দরকার?”

উত্তরটা মন দিয়ে শুনুন। কারণ কখনো আমাদের সন্তান নামাজে অবাধ্য নয়। সে হয়তো এমন একটা জায়গায় আটকে আছে, যেখানে তাকে একটু structure, একটু reminder অথবা একটু সাহায্য দরকার।

পরের পর্বে আমরা কথা বলব, শিশু নামাজ পড়ছে, কিন্তু শুধু মা বাবার কথায় বা ভয়ে। কীভাবে ধীরে ধীরে তার নিজের ভেতর থেকে সালাতের motivation তৈরি করবেন?

আল্লাহ আমাদের সন্তানদের সালাতের হিফাজতকারী বানান। আমাদের এমন firmness দিন যার সঙ্গে রহমত আছে, এমন ধৈর্য দিন যার সঙ্গে দায়িত্ব আছে, আর এমন tarbiyah করার তাওফিক দিন যাতে আমাদের সন্তানরা শুধু আমাদের সামনে নয়, আমাদের অনুপস্থিতিতেও আল্লাহর সামনে দাঁড়াতে শেখে। আমিন।

আগের পর্বগুলো পড়তে: #সন্তান_ও_সালাত

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।