আপনারও কি এমন কোনো কাজ আছে, যেটা আপনি গত কয়েকদিন ধরে “আজ করব” বলে আসছেন?
হয়তো একটা জরুরি ফোন করা দরকার। কিছু পড়া বাকি। ঘরটা একটু গুছানো দরকার। কোনো দায়িত্ব অনেকদিন ধরে পড়ে আছে। হয়তো আরও ব্যক্তিগত কিছু, কুরআন আবার নিয়মিত পড়া শুরু করবেন, ঘুমটা ঠিক করবেন, কোনো বদঅভ্যাস ছাড়বেন, তাওবাটা আরেকটু আন্তরিকভাবে করবেন। আপনি কাজটা ভুলে যাননি। প্রায় প্রতিদিনই মনে পড়ে। শুধু একটা কথা এসে মাঝখানে দাঁড়ায়, “এখন না, একটু পরে।”
অদ্ভুত ব্যাপার হলো, “পরে” শব্দটা শুনতে খুব নিরীহ। মনে হয় আমরা কাজটা বাতিল করছি না, শুধু একটু পিছিয়ে দিচ্ছি। তাই নিজের কাছেও খুব বেশি অপরাধবোধ হয় না। কিন্তু অনেক সময় এই “একটু পরে”ই দিনের পর দিন, মাসের পর মাস আমাদের জীবন থেকে এমন কিছু নিয়ে যায়, যেটা আমরা তখন টেরই পাই না।
Psychology তে আমাদের মস্তিষ্ক সহজেই এমন কাজের দিকে ঝোঁকে, যেটা এখনই আরাম দেয়। ফোন দেখা সহজ, কিন্তু অসমাপ্ত কাজ শুরু করা কঠিন। ভিডিও দেখা সহজ, কিন্তু পড়তে বসা কঠিন। বিছানায় আর দশ মিনিট থাকা সহজ, কিন্তু উঠে দিনের প্রথম দায়িত্ব শুরু করা কঠিন। তাই আমরা প্রায়ই গুরুত্বপূর্ণ কাজের বদলে এই মুহূর্তে কম অস্বস্তিকর কাজটা বেছে নিই।
সমস্যা হলো, কাজটা পরে গেলেও তার চাপটা সবসময় পরে যায় না।
আপনি কাজ করছেন, কিন্তু মাথার এক পাশে মনে আছে কিছু একটা পড়ে আছে। বিশ্রাম নিচ্ছেন, তবুও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না। আরেকটা দিন চলে গেলে নিজের ওপর একটু বিরক্তি বাড়ে। তারপর কাজটা যত পুরোনো হয়, শুরু করা তত কঠিন লাগে। একসময় একটা ছোট কাজও মনে হয় অনেক বড়।
আর তখন আমরা নিজেদের নিয়ে এমন সিদ্ধান্ত নিতে শুরু করি, “আমার discipline নেই।” “আমি কিছুই নিয়মিত করতে পারি না।” “আমার দ্বারা হয় না।”
অথচ অনেক সময় সমস্যাটা আপনার সামর্থ্যে না। সমস্যাটা হলো, আপনি বারবার নিজের মস্তিষ্ককে শিখিয়েছেন, অস্বস্তি লাগলে পিছিয়ে যেতে।
এই অভ্যাস শুধু কাজের ক্ষেত্রেই থাকে না। ধীরে ধীরে দ্বীনের ক্ষেত্রেও ঢুকে যেতে পারে।
“আগামী মাস থেকে কুরআন পড়ব।”
“পরিস্থিতি একটু ঠিক হলে তাহাজ্জুদ চেষ্টা করব।”
“এই ব্যস্ততা কমলে নিজেকে বদলাব।”
“একদিন ভালো করে তাওবা করব।”
কিন্তু জীবন কি সত্যিই এমন একটা পর্যায়ে পৌঁছায়, যখন সব কাজ শেষ, কোনো চাপ নেই, মন একদম প্রস্তুত, আর তখন আমরা নিশ্চিন্তে নিজেদের বদলাতে শুরু করি?
আল্লাহ বলেছেন, “হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে, সে আগামীকালের জন্য কী পাঠিয়েছে।”
সূরা আল হাশর, ৫৯:১৮
আয়াতটা ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়, কিন্তু সেই ভবিষ্যতের প্রস্তুতি হয় আজকের কাজ দিয়ে।
আমাদের একটা ভুল ধারণা আছে, ভালো intention থাকলেই যেন কিছুটা নিশ্চিন্ত থাকা যায়। “আমি তো করতে চাই।” “আমার তো নিয়ত আছে।” কিন্তু নিয়ত গুরুত্বপূর্ণ হলেও, জীবন বদলায় তখনই যখন সেই নিয়ত কোনো একদিন বাস্তব কাজ হয়ে ওঠে।
আর discipline এর বড় একটা অংশ এখানেই, মুড আসার অপেক্ষা না করে, প্রয়োজনীয় কাজটা ছোট হলেও শুরু করে দেওয়া।
আজ তাই বিশাল কোনো তালিকা বানাবেন না। এমন একটা কাজ বেছে নিন, যেটা আপনি কয়েকদিন ধরে পিছিয়ে দিচ্ছেন। তারপর নিজেকে বলুন, পুরোটা না হোক, শুধু পাঁচ মিনিট শুরু করব।
কুরআন পড়া বাকি? এক পৃষ্ঠা।
ঘর গুছানো? শুধু একটা জায়গা।
কাজের রিপোর্ট? শুধু প্রথম paragraph।
ঘুমের routine? আজ শুধু নির্দিষ্ট সময়ে ফোনটা দূরে রাখুন।
কোনো ভুল থেকে ফিরতে চান? “একদিন ভালোভাবে তাওবা করব” না বলে আজই আল্লাহর কাছে ক্ষমা চান।
কারণ অনেক বড় পরিবর্তনের শুরু দেখতে খুব বড় হয় না। অনেক সময় সেটা শুধু এমন একটি মুহূর্ত, যেখানে আপনি নিজের নফসের “পরে করব” কথাটাকে প্রথমবারের মতো বলেন, “না, আজ একটু হলেও করব।”
দিন শেষে নিজেকে একটা প্রশ্ন করুন,
“আজ আমি কোন কাজটা শুধু অস্বস্তি এড়ানোর জন্য পিছিয়ে দিয়েছি?”
এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনার procrastination এর আসল জায়গাটা দেখিয়ে দেবে।
আমরা সবসময় সময় হারাই ঘড়ির কাঁটা দেখে না। কখনো সময় হারাই এমন সব “পরে”র মধ্যে, যেগুলোর কোনো নির্দিষ্ট দিনই আসে না।
জীবন যখন আমানত, তখন গুরুত্বপূর্ণ কাজগুলোকে অনির্দিষ্ট “পরে”র হাতে তুলে দেওয়াও ভেবে দেখার বিষয়।
কারণ কাল আমাদের হাতে থাকবে কি না, আমরা জানি না। কিন্তু এই মুহূর্তটা এখনো আমাদের হাতে আছে।
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন