মূল লেখায় যান

Study Room লেখা

জীবন যখন আমানত | পর্ব ৬ — নফসকে সবসময় “হ্যাঁ” বলা কি সত্যিই স্বাধীনতা?

বিষয়: · · ·

Alarm বাজল। চোখ খুললেন। জানেন, এখন উঠা দরকার। কিন্তু ভেতর থেকে একটা কথা এলো, “আর পাঁচ মিনিট।” ফোন হাতে নিলেন শুধু সময় দেখার জন্য, তারপর অকারণেই unlock করলেন। কাজ সামনে পড়ে আছে, কিন্তু মন বলছে, “এখন না।” রাগের সময় একটা reply লিখে ফেলেছেন, জানেন পাঠানো ঠিক হবে না, তবুও আঙুলটা send button-এর কাছে চলে গেছে।

এগুলো খুব ছোট ছোট ঘটনা। তাই আমরা গুরুত্বও কম দিই। কিন্তু প্রতিদিনের এই ছোট সিদ্ধান্তগুলোর মধ্যেই একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে, আমি কি আমার ইচ্ছাকে চালাচ্ছি, নাকি আমার ইচ্ছাই আমাকে চালাচ্ছে?

ইচ্ছা থাকা খারাপ কিছু না। ঘুম পাবে, ভালো খাবার খেতে ইচ্ছা করবে, বিশ্রাম চাইবেন, সুন্দর কিছু কিনতে মন চাইবে, আনন্দ করতে ভালো লাগবে। ইসলাম মানুষকে অনুভূতিহীন বানাতে আসেনি। সমস্যা ইচ্ছায় না। সমস্যা তখন, যখন আমার ইচ্ছা এমন জায়গায় বসে যায় যে দায়িত্ব, বিবেচনা, এমনকি আল্লাহর সীমার চেয়েও তার কথাই আগে শুনতে শুরু করি।

আল্লাহ বলেন, “আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, নিশ্চয়ই জান্নাতই হবে তার আশ্রয়।” সূরা আন নাযিআত, ৭৯:৪০–৪১

খেয়াল করুন, এখানে নফসকে মেরে ফেলতে বলা হয়নি। বলা হয়েছে তাকে থামাতে, যখন সে এমন কিছুর দিকে টানে যেটা অনুসরণ করা উচিত না।

আমরা অনেক সময় স্বাধীনতাকে এভাবে বুঝি, “আমার যা ইচ্ছা, আমি তাই করব।” কিন্তু যদি প্রতিবার ক্লান্ত হলেই কাজ ছেড়ে দিই, বিরক্ত হলেই ফোন ধরি, রাগ হলেই যা মনে আসে বলে ফেলি, কিছু ভালো লাগলেই কিনে ফেলি, আরাম লাগলেই দায়িত্ব পিছিয়ে দিই, তাহলে আসলে স্বাধীন কে?

আমি? নাকি আমার মুহূর্তের ইচ্ছা?

বারবার তাৎক্ষণিক আরামকে বেছে নিতে নিতে নিজেকে থামানো কঠিন হয়ে যেতে পারে। তখন “না” বলাটা বড় কোনো পরীক্ষার সময় না, খুব সাধারণ জায়গাতেও কঠিন লাগে। আর এখানেই discipline এর একটা গভীর দিক আছে, সব ইচ্ছার উত্তর সঙ্গে সঙ্গে “হ্যাঁ” না দেওয়া।

সিয়ামের কথাই ভাবুন। খাবার হালাল, পানি হালাল। তবুও নির্দিষ্ট সময়ের জন্য একজন মুমিন আল্লাহর জন্য নিজেকে থামিয়ে রাখে। ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, সামনেই খাবার আছে, তবুও সে জানে, এখন নয়। যেন নিজের ভেতর একটা কথা শেখানো হচ্ছে, “ইচ্ছা হলেই করতে হবে, এমন না।”

এই শিক্ষা শুধু রমাদানের জন্য না। আমাদের প্রতিদিনের জীবনেও এর দরকার আছে।

ফোন দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু কাজের আর দশ মিনিট বাকি, আগে কাজটা শেষ করলেন। সকালে শরীর আরেকটু বিছানায় থাকতে চাইছে, তবুও উঠে গেলেন। রাগের reply লিখেছেন, কিন্তু পাঠালেন না। কিছু কিনতে খুব ভালো লাগছে, কিন্তু প্রয়োজন নেই বলে রেখে দিলেন। বাইরে থেকে এগুলো খুব ছোট সিদ্ধান্ত। কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ বড় বড় জায়গার আগে এমন ছোট জায়গাতেই তৈরি হয়।

সমস্যা হয় যখন আমরা discipline করতে গিয়ে আবার উল্টো চরমে যাই। “আজ থেকে কখনো এটা করব না।” “কাল থেকে পুরো routine বদলে ফেলব।” “এখন থেকে প্রতিদিন এত ঘণ্টা করব।” কয়েকদিন পর না পারলে নিজের ওপরই রাগ করি।

এবার সেটা করবেন না।

আজ শুধু খেয়াল করুন, কোন জায়গায় আপনার নফস প্রায় প্রতিদিন খুব সহজে আপনাকে রাজি করিয়ে ফেলে?

Alarm-এর পর আবার শুয়ে পড়া? অকারণে ফোন unlock করা? প্রয়োজন না থাকলেও কেনাকাটা? রাগের সময় সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া? নাকি এমন কোনো কাজ, যেটা করতে হবে জেনেও প্রতিদিন পিছিয়ে দিচ্ছেন?

আজ শুধু ওই একটা জায়গায় একবার থামুন।

নিজেকে কষ্ট দেওয়ার জন্য না। নিজেকে প্রমাণ করার জন্যও না। শুধু নিজের ভেতর এই কথাটা ফিরিয়ে আনার জন্য, “ইচ্ছা হচ্ছে, কিন্তু সিদ্ধান্তটা শুধু ইচ্ছা নেবে না।”

কিছুদিন আপনি পারবেন। কিছুদিন পারবেন না। কোনো দিন নফসের কথাই শুনে ফেলবেন। তাই বলে সব শেষ হয়ে যায় না। পরের সিদ্ধান্তটা আবার আপনার সামনে আসবে।

আজ হয়তো বড় কোনো পরীক্ষার সামনে আপনাকে “না” বলতে হবে না। হয়তো শুধু আরেকবার snooze না করা, অকারণে ফোনটা না খোলা, কিংবা রাগের একটা reply না পাঠানো, এতটুকুই।

কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ অনেক সময় ঠিক এমন ছোট জায়গা থেকেই ফিরে আসে।

নফসের সব কথা শুনে চলা স্বাধীনতা না। কখনো স্বাধীনতা শুরু হয় সেই মুহূর্তে, যখন আপনি বলতে পারেন, “ইচ্ছা করছে, তবুও করব না।”

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

জীবন যখন আমানত · পর্ব ৬

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।